স্ফুলিঙ্গ ডেক্স :
তারিখ: ২৬ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচিত হওয়ার পর মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে রাজধানী ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে চেন ইয়ং নামের এক চীনা নাগরিকের বিরুদ্ধে। নিখোঁজ হওয়ার ছয় দিন পর গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। অভিযানে অভিযুক্ত চীনা নাগরিক চেন ইয়ংকেও গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিজ্ঞাপন
মামলার নথিপত্র সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। এ ঘটনায় পরদিন (১৮ নভেম্বর) ভুক্তভোগীর বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করেন। পরবর্তীতে ২৪ নভেম্বর রাতে নিখোঁজ কিশোরী তার বড় বোনকে ফোনে জানায় যে, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল এবং তাকে ঢাকায় এনে একটি বাসায় বন্দি রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।
পরিবারের কাছ থেকে এ তথ্য পাওয়ার পর মানিকগঞ্জ সদর থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্ত করে। এরপর ঢাকার উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও চেন ইয়ংকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মোবাইল ফোনসহ বেশ কিছু আলামত জব্দ করে পুলিশ। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চেন ইয়ংসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, জিডি দায়েরের পর থেকেই পুলিশ ছায়া তদন্ত চালিয়ে আসছিল। পরবর্তীতে ভুক্তভোগীর বড় বোনের দেওয়া সূত্র ধরে উত্তরায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
তিনি আরও জানান, টিকটকে পরিচয়ের পর নানা প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে কিশোরীটিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল এবং বাসায় আটকে রেখে নির্যাতন চালানো হয় বলে সে পুলিশকে জানিয়েছে। বাবার করা মামলায় গ্রেপ্তারকৃত চীনা নাগরিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

