স্ফুলিঙ্গ ডেক্স :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল বিশেষ মাদকবিরোধী গোপন অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল নিষিদ্ধ ভারতীয় স্কাপ সিরাপসহ চার চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বিজ্ঞাপন
গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় জনৈক মাদক কারবারির বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
র্যাব-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি ক্ষিপ্র ও চৌকস টিম জানতে পারে কাশিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধর্মপুর এলাকায় বড় ধরনের মাদকের চালান কেনাবেচা ও সরবরাহের প্রস্তুতি চলছে। প্রাপ্ত খবরের সত্যতা যাচাই শেষে র্যাব সদস্যরা মো. জাহিদুর রহমান ওরফে আঙ্গুরের বসতবাড়িতে এক আকস্মিক ঘেরাও অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ওই বাড়ি থেকে চারজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাঁদের দেখানো হেফাজত ও বসতঘর তল্লাশি করে চটের বস্তায় লুকানো মোট ২৫ কেজি অবৈধ গাঁজা, ১৬ বোতল স্কাপ সিরাপ, একটি বাটন মোবাইল সেট, দুটি অ্যান্ড্রেয়েড স্মার্টফোন এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন— ওই এলাকার মো. খলিলুর রহমানের ছেলে জাহিদুর রহমান ওরফে আঙ্গুর (২৮), মো. মুসলিম উদ্দিনের ছেলে মো. মোস্তফা কামাল (৩৮), মৃত সৈয়দ আলীর ছেলে মোজাম্মেল হক (৪৩) এবং মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. হযরত আলী (২৯)।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে র্যাব-১৩ এর পক্ষ থেকে গ্রেফতারকৃত চার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হচ্ছে। ছবি সংগৃহীত।

