মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংবাদ সংগ্রহ ও মতামত দেওয়ার জন্য উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসকের দেওয়া বক্তব্য নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে মহম্মদপুর প্রেসক্লাবের সদস্যরা।
গত রোববার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়।
সাংবাদিকদের অভিযোগ, আমন্ত্রণ পেয়ে তারা এলাকার সার্বিক সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরতে এবং সভার সংবাদ সংগ্রহের জন্য উপজেলা মিলনায়তনে উপস্থিত হন। কিন্তু পরিচয় পর্ব চলাকালে জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে মাইকে বলেন, আমন্ত্রিত অতিথি ছাড়া এখানে অন্য কাউকে না থাকার জন্য বলা হচ্ছে এবং প্রেসক্লাবের শুধু সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে তিনি জানান, এখন সংবাদ সংগ্রহের কোনো প্রয়োজন নেই, যথাসময়ে সংবাদ দিয়ে দেওয়া হবে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসকের এমন বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের মধ্যে গভীর অসন্তোষ তৈরি হয়। সাংবাদিকদের প্রশ্ন, একটি মতবিনিময় সভায় তাদের উপস্থিতির উদ্দেশ্য যদি শুধু সংবাদ গ্রহণ করা হয়, তবে তাদের মতামত, প্রশ্ন কিংবা এলাকার বাস্তব সমস্যা তুলে ধরার সুযোগ কোথায়।
মহম্মদপুর প্রেসক্লাবের সদস্যরা জানান, সাংবাদিকরা কোনো অনুষ্ঠানে শুধু সংবাদ সংগ্রহের জন্য যান না; জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের সঙ্গে মতবিনিময়, প্রশ্ন করা এবং এলাকার মানুষের কথা তুলে ধরাও তাদের দায়িত্বের অংশ। বিশেষ করে একটি মতবিনিময় সভায় সাংবাদিকদের ডেকে এনে কথা বলার সুযোগ না দিয়ে তাদের উপস্থিতি নিয়ে এমন মন্তব্য করা অত্যন্ত হতাশাজনক। তারা আরও জানান, একটি মতবিনিময় সভায় সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হলে সেটি কতটা মতবিনিময়—এ প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে আসে।
উল্লেখ্য, মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ চলতি বছরের জুনে মাগুরা জেলায় আনুষ্ঠানিকভাবে যোগদান ও দায়িত্ব গ্রহণ করেন। সাংবাদিকদের দাবি, দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত জেলা প্রশাসকের সঙ্গে মহম্মদপুর উপজেলার সাংবাদিকদের কোনো পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়নি।
সাংবাদিকরা জানান, দীর্ঘদিন পর জেলা প্রশাসকের উপস্থিতিতে মতবিনিময় সভা হওয়ায় মহম্মদপুরের সাংবাদিকরা এলাকার গুরুত্বপূর্ণ বিষয় যেমন নদীভাঙন, সড়ক যোগাযোগ, জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, মাদক ও কিশোর অপরাধসহ বিভিন্ন জনদুর্ভোগের কথা তুলে ধরার প্রত্যাশা করেছিলেন। কিন্তু সেই সুযোগ তারা পাননি।
এ ঘটনায় মহম্মদপুর প্রেসক্লাবের সদস্যরা জেলা প্রশাসকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের যথাযথভাবে অংশগ্রহণের সুযোগ, প্রশ্ন করার স্বাধীনতা এবং এলাকার জনস্বার্থের বিষয় তুলে ধরার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
সাংবাদিকদের ভাষ্য, সংবাদ প্রশাসনের দেওয়া কোনো বিশেষ বিজ্ঞপ্তিমাত্র নয়; মাঠপর্যায়ের মানুষের কথা, প্রশ্ন ও বাস্তবতার প্রতিফলনই সাংবাদিকতার মূল শক্তি। তাই সাংবাদিকদের ডেকে এনে মতামত দেওয়ার সুযোগ না দিয়ে সংবাদ পরে দিয়ে দেওয়া হবে—এ ধরনের বক্তব্য সাংবাদিকতার স্বাধীন ভূমিকা ও মতবিনিময়ের উদ্দেশ্য নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। ছবি সংগৃহীত।

