স্ফুলিঙ্গ ডেক্স :
বরিশাল মহানগরীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মো. মনির হোসেন (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত মনির হোসেন খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার মো. তোফাজ্জেল হোসেন ও মোছা. শেফালী বেগমের ছেলে।
বিজ্ঞাপন
র্যাব-৮ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট ২০২৬ তারিখে সদর কোম্পানির একটি নৈশ টহল দল ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে এক ব্যক্তি যাত্রীবেশে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য বহন করে নিয়ে আসছে। বার্তাটি পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টহল দলটি তাৎক্ষণিকভাবে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানাধীন জমজম এলপিজি ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন বাসটিতে তল্লাশি চালিয়ে অভিযুক্ত মো. মনির হোসেনের হেফাজতে থাকা নীল রঙের একটি কাপড়ের ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত আলামত জব্দ করে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য বরিশাল মহানগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে র্যাব-৮ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়। ছবি সংগৃহীত।


