স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৬ নভেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় যশোরে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়। জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২৭ দশমিক ৫ লিটার রেক্টিফাইড স্পিরিট, ১৮ পিস ইয়াবা এবং ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আসামি করে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দিনব্যাপী জেলার কোতোয়ালি মডেল ও কেশবপুর থানা এলাকায় এই বিশেষ অভিযানগুলো পরিচালিত হয়।
বিজ্ঞাপন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে যশোর পৌরসভার পূর্ব বারান্দী নাথপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মতিয়ার রহমান (৪৫) নামের এক ব্যক্তির নিজ বসতঘর থেকে ৩৭৫ বোতলে মোট ৩৭.৫ লিটার এবং লুজ ৯০ লিটারসহ মোট ১২৭.৫ লিটার রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে কোতোয়ালি থানায় আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে একই দিন দুপুর ১২টার দিকে কেশবপুর উপজেলার চিংড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি সাজেদা বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হলেও অপর আসামি মো. জসো মোড়ল (৫০) পালিয়ে যান। এই ঘটনায় উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে কেশবপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অন্যদিকে, সোমবার বিকেলে কোতোয়ালি থানাধীন তরফদার নওয়াপাড়া এলাকায় পৃথক দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে ১৮ পিস ইয়াবাসহ মো. মনিরুল ইসলামকে (৪০) আটক করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোদিয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ২০০ টাকা অর্থদণ্ড এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একই এলাকায় অপর এক অভিযানে বিকেল ৪টার দিকে ৫০ গ্রাম গাঁজাসহ মো. আজিজুল ইসলামকে (৩৭) আটক করা হয়। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওমীদ হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ২০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এই দুটি মামলার প্রসিকিউশন পরিচালনা করেন উপ-পরিদর্শক মোছা. রাফিজা খাতুন। ছবি সংগৃহীত।

