স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৭ নভেম্বর ২০২৬
যশোরে ৭৫ বছর বয়সী বৃদ্ধা ফাতেমাকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে তাঁর নিজের ছেলেসহ চারজনের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার গোপালপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে কোতোয়ালি থানা এবং রূপদিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধাকে উদ্ধার করেন। পরে স্বজনদের সহায়তায় সন্ধ্যায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় তাঁর হাত ও পা-সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে।
বিজ্ঞাপন
চিকিৎসাধীন ফাতেমা জানান, তিন বছর আগে তাঁর স্বামী মারা যাওয়ার পর থেকেই সন্তানেরা তাঁকে নিয়মিত খাবার দেয় না। নিজের খাবার নিজেই রান্না করে খেয়ে কোনোমতে দিন পার করছেন তিনি। এর আগেও কয়েক দফা তাঁকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন বৃদ্ধা। বৃহস্পতিবার অভিযুক্তরা বাড়িতে হানা দিয়ে প্রথমে ঘরবাড়ি ভাঙচুর চালায়। একপর্যায়ে তাঁকে ঘর থেকে টেনে বের করে শরীরের বিভিন্ন জায়গায় বেধড়ক মারধর করে আহত অবস্থায় ফেলে রেখে যায় তাঁরা।
এ ঘটনায় নিজের ছেলে জিয়ার, সৎ ছেলে জালাল, জালালের ছেলে নাঈম এবং আরেক সৎ ছেলের ছেলে সালাম জড়িত বলে অভিযোগ তুলেছেন ফাতেমা। তিনি আরও জানান, পূর্বের মারধরের ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছিলেন; সে সময় পুলিশ তাঁকে উদ্ধার করে এবং বিষয়টি মীমাংসা করে দিয়েছিল।
নিজের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আহত বৃদ্ধা।
বৃদ্ধাকে উদ্ধারকারী কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বলেন, তাঁদের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর আগেও একবার বিষয়টি সালিশ-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছিল। ছবি সংগৃহীত।
