স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার ঐতিহাসিক মেহেরুল্লাহ নগর রেলস্টেশনের জরাজীর্ণ দশা সংস্কার এবং গুরুত্বপূর্ণ আন্তঃনগর ও লোকাল ট্রেনের নিয়মিত যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ।
বিজ্ঞাপন
সোমবার (২৪ আগস্ট) ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে চুড়ামনকাটি এলাকায় আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সকল স্তরের মানুষ একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে বক্তারা অত্যন্ত ক্ষোভের সাথে জানান, দীর্ঘ দিন ধরে অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে মেহেরুল্লাহ নগর রেলস্টেশনটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে স্থানীয় ট্রেনযাত্রীদের ভোগান্তি দিনে দিনে চরম আকার ধারণ করছে, যার ফলে এই রেললাইনের সম্ভাবনাময় ও সাশ্রয়ী ব্যবহার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মানববন্ধন থেকে অনতিবিলম্বে স্টেশনটির প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার ও আধুনিকায়ন, প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রীদের জন্য মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং এই রুটে চলাচলকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাবিরতি চালুর জোর দাবি জানানো হয়।
বক্তারা আরও উল্লেখ করেন, চুড়ামনকাটি ও পার্শ্ববর্তী বিস্তৃত অঞ্চলের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ কর্মজীবী মানুষ প্রতিদিন যাতায়াতের জন্য দূরদূরান্তে পাড়ি দেন। এই স্টেশনে ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি পুনরারম্ভ হলে মানুষের সময় ও যাতায়াত খরচ অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষের মাঝে রেলসেবা গ্রহণের আগ্রহও বহুলাংশে বৃদ্ধি পাবে।
মানববন্ধন শেষে বক্তারা মেহেরুল্লাহ নগর রেলস্টেশনটি সচল ও আধুনিকায়ন করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট উচ্চপদস্থ রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও উদাত্ত আহ্বান জানান। ছবি সংগৃহীত।

