মেহেরপুর সীমান্তে বিএসএফের কৃষক অপহরণ, পালটা জবাবে ২ভারতীয়কে ধরে বিজিবিতে দিল এলাকাবাসী

মেহেরপুর সীমান্তে বিএসএফের কৃষক অপহরণ, পালটা জবাবে ২ভারতীয়কে ধরে বিজিবিতে দিল এলাকাবাসী

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে নোম্যান্সল্যান্ড সংলগ্ন নিজস্ব জমিতে কৃষিকাজ করার সময় এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার প্রতিবাদে ও ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় গ্রামবাসী সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকালে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সীমান্ত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে আব্দুল মান্নান (৬০) সীমান্ত পিলার ১২৪/৩-এর কাছাকাছি নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহল দল তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে আব্দুল মান্নানের স্বজন ও স্থানীয় বি ক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে সীমান্তের শূন্যরেখার কাছে কৃষিকাজ করতে আসা দুই ভারতীয় নাগরিককে আটক করেন।

আটককৃত ভারতীয় নাগরিকেরা হলেন—নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) এবং একই গ্রামের কুঞ্জু বিশ্বাসের ছেলে নরোত্তম বিশ্বাস (৩৫)। আটক করার পরপরই স্থানীয়রা তাঁদের ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করেন।

উদ্ভুত পরিস্থিতি ও সীমান্ত উত্তেজনার বিষয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিষয়টি দ্রুত ও শান্তিপূর্ণ মীমাংসার জন্য বিজিবি এবং বিএসএফের মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নানকে সসম্মানে ফেরত আনা হবে এবং একইভাবে আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

একই সাথে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের নিজেদের নিরাপত্তার স্বার্থে নোম্যান্সল্যান্ড কিংবা আন্তর্জাতিক সীমানার দিকে চলাচলে সতর্ক থাকার বিশেষ আহ্বান জানিয়েছে বিজিবি। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *