জাকির হোসাইন তুষার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় মহম্মদপুর সোনালী অতীত ক্লাব। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় সাবেক জাতীয় ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় মহম্মদপুর সোনালী অতীত ক্লাব।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মহম্মদপুরের শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় সাবেক জাতীয় দলের তারকা ফুটবলার আলফাজ, আরমান, নকিব, জিল্লুর রহমান লাজুক ও গোলরক্ষক সৈনিকসহ দেশের পরিচিত অনেক সাবেক ফুটবলার অংশ নেন। ম্যাচে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন সাবেক জাতীয় দলের তারকা ফুটবলার আলফাজ।
ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী।
বিজ্ঞাপন
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু মিয়া, শামসুন্নাহার, ওয়ান ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নেওয়াজ খালিদ আহমেদ, তদন্ত কর্মকর্তা (ওসি) মোতালেব, ফোরামের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম রবি প্রমুখ।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সাবেক জাতীয় দলের তারকা ফুটবলারদের খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন দর্শকেরা। এ ধরনের আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মহম্মদপুর সোনালী অতীত ক্লাব। সাবেক জাতীয় দলের তারকা ফুটবলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচ স্থানীয় ফুটবলপ্রেমীদের জন্য হয়ে ওঠে উপভোগ্য এক ক্রীড়া আয়োজন। ছবি প্রতিবেদক।
