স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের মনিরামপুরে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে মুকুল হোসেন (৩৫) নামে এক যুবককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল চারটার দিকে মনিরামপুর থানা-পুলিশ মাদক সেবনরত অবস্থায় তাঁকে আটক করে। সাজাপ্রাপ্ত মুকুল হোসেন উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে মনিরামপুর থানা-পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বাসুদেবপুর গ্রাম এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় মুকুলকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তাঁকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
বিজ্ঞাপন
আদালতের বিচারক শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মুকুল হোসেনকে দোষী সাব্যস্ত করেন এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার আদেশ প্রদান করেন।
মনিরামপুর থানা-পুলিশ নিশ্চিত করেছে যে, ভ্রাম্যমাণ আদালতের আইনি নির্দেশ ও সাজ পরোয়ানা মূলে সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশি পাহারায় যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।
