স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৭ নভেম্বর ২০২৬
যশোরের মণিরামপুরে বিশেষ অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আমজাদ হোসেনসহ মোট দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন কাজী শাহাবুদ্দিন (৪৭)। তিনি মণিরামপুর উপজেলার জুরানপুর কাজীপাড়া গ্রামের মৃত কাজী রকিব উদ্দীনের ছেলে।
মণিরামপুর থানা পুলিশের বিশেষ মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা অভিযানে নেমে মণিরামপুর পৌরসভার দুর্গাপুর ওয়ার্ডের নিজ বাসভবন থেকে মো. আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেন। একই অভিযানে কাজী শাহাবুদ্দিনকেও আটক করা হয়।
বিজ্ঞাপন
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা এবং এলাকায় নৈরাজ্য সৃষ্টির চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে আটক দুজনকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। ছবি সংগৃহীত।
