কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
তারিখ: ২৩ নভেম্বর ২০২৬
ভাষা, সংস্কৃতি আর স্বপ্নের কর্মজগতের সেতুবন্ধন গড়তে চতুর্থবারের মতো ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এলেন জাপানি নাগরিক ও ভাষা শিক্ষিকা কুমিকো তকুমতো। আজ সোমবার (২৩ নভেম্বর) তাঁর এই আগমন ঘিরে পুরো ক্যাম্পাস ও প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের মধ্যে দারুণ উচ্ছ্বাস দেখা যায়।
সফরের শুরুতেই তিনি জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি শ্রেণিকক্ষে সময় কাটান। শুধু পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনে জাপানি ভাষার ব্যবহার, সাবলীল যোগাযোগ দক্ষতা এবং জাপানের কর্মক্ষেত্রের উপযোগী মানসিকতা গড়ে তোলার বিষয়ে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি। সেই সঙ্গে জাপানি সংস্কৃতি ও সামাজিক রীতিনীতির নানা দিকও তুলে ধরেন। সরাসরি একজন জাপানি শিক্ষিকাকে পাশে পেয়ে এবং তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে প্রাণবন্ত হয়ে ওঠেন শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরেই জাপানের শ্রমবাজার ও উচ্চশিক্ষার সম্ভাবনাকে সামনে রেখে ঝিনাইদহ টিটিসিতে চলছে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম। এর মধ্য দিয়ে তরুণদের আন্তর্জাতিক মানের ভাষাগত ও পেশাগত দক্ষতা অর্জনে প্রস্তুত করা হচ্ছে।
ক্লাস শেষে কুমিকো তকুমতো প্রতিষ্ঠানের অন্য শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন।
এ বিষয়ে ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রুস্তম আলী জানান, কুমিকো তকুমতোর চতুর্থবারের এই আগমনে তাঁরা অত্যন্ত আনন্দিত। তাঁর এই সফর শিক্ষার্থীদের ভাষা শিক্ষায় আরও আগ্রহী ও আত্মবিশ্বাসী করে তুলবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে তাঁর এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংশ্লিষ্টদের বিশ্বাস, এমন সরাসরি অভিজ্ঞতা বিনিময় শিক্ষার্থীদের কেবল ভাষা শেখার আগ্রহই বাড়াবে না, বরং বিদেশের কর্মপরিবেশ সম্পর্কে বাস্তব ধারণা দিয়ে আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের যোগ্য অবস্থান তৈরির পথও প্রশস্ত করবে। ছবি সংগৃহীত।
