স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, কসমেটিক্স ও বিভিন্ন খাদ্যসামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (১০ জুলাই ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি আভিযানিক দল এই সফল অভিযানটি পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৪,৯৯,১০০/- (চার লক্ষ নিরানব্বই হাজার একশত) টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। এ সময় ভারত থেকে অবৈধ পথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে নিয়ে আসার সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কিছু বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
পরে টহল দল উক্ত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৭টি ভারতীয় উন্নত মানের শাড়ী, ৮২ প্যাকেট ফুসকা, ০৫ প্যাকেট কিসমিস, ০৫ প্যাকেট সনপাপড়ী, ৮৪৭টি চকলেট এবং ২১২টি বিভিন্ন প্রকারের ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ করতে সক্ষম হয়। আটককৃত মালামাল আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।

