মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক দুটি ঘটনায় ১৬ বছর বয়সী এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত ওই শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর রাম গোপাল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী লামিয়া খাতুন রাত্রী (১৬)-কে দীর্ঘদিন ধরে জিসান আহাম্মেদ (২০) ও তার সহযোগীরা উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ১৯ আগস্ট সকাল ১১টার দিকে আত্মীয়ের বাড়ি থেকে কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে পাইকপাড়া গ্রামের কড়ইতলা ঈদগাহের সামনে পৌঁছালে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় গত ২৭ আগস্ট কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে তিনটার দিকে ঝিনাইদহ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার প্রধান আসামি জিসান আহাম্মেদকে গ্রেপ্তার করে এবং অপহৃত শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।
অপরদিকে, পৃথক আরেকটি ঘটনায় বিকাশের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) জাবেদ আলীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে জহির হোসেন ভূঁইয়া (২৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, পৃথক দুটি অপরাধের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপহরণের শিকার ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।


