স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘চেয়ার্স পুল সেন্টার’ (CHERS POOL CENTER)-এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ জুনিয়র পুল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন রাকিবুল ইসলাম রাকিব।
বিজ্ঞাপন
আজ শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
ফাইনাল রেস ৯-এর অত্যন্ত রোমাঞ্চকর ও হাড্ডাহাড্ডি ম্যাচে রাকিবুল ইসলাম রাকিব ৯-৬ ব্যবধানে নীলগঞ্জ সাহাপাড়ার তরুণ খেলোয়াড় ইসমাম হোসেন মাহিকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা ছিনিয়ে নেন। অপরাজিত নৈপুণ্য দেখিয়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন ইসমাম।
টানা ৫ দিনব্যাপী আয়োজিত তরুণদের এই পুল টুর্নামেন্টে শহরের বিভিন্ন এলাকার উদীয়মান ১০ জন খেলোয়াড় অংশ নেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী তরুণরা হলেন— এম এম আলী রোড পোস্ট অফিস পাড়ার রাকিবুল ইসলাম রাকিব, নীলগঞ্জ সাহাপাড়ার ইসমাম হোসেন মাহি, চাঁচড়া বাজার মোড়ের আব্দুর রহমান, বেজপাড়ার স্বাধীন, রেলবাজারের সাজিদুর রহমান, আরবপুর এলাকার আরাবি হোসেন, খড়কি এম এম কলেজ দক্ষিণ গেট এলাকার অনিন্দ্য বিশ্বাস, লোন অফিস পাড়ার ফয়সাল হোসেইন, পালবাড়ি খয়েরতলার সাবিত এবং লালদীঘির পূর্ব পাড়ের সিয়াম সিকদার।
শনিবার সন্ধ্যায় সমাপনী ও ফাইনাল খেলা শেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড নগর বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ এবং জ্যেষ্ঠ সাংবাদিক তরিকুল ইসলাম মিঠু। অতিথিরা তাঁদের বক্তব্যে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার সুপথে রাখার জন্য এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
সফলভাবে ৫ দিনব্যাপী পুরো টুর্নামেন্টটি সার্বিকভাবে পরিচালনা ও সমন্বয় করেন ক্রীড়ানুরাগী শিমুল হোসেন। ছবি সংগৃহীত।


