স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আনুমানিক প্রায় পৌনে ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। বিজিবির টহলদলের নিয়মিত চোরাচালান বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এই মালামাল জব্দ করা হয়।
বিজ্ঞাপন
বিজিবি সূত্র জানায়, ২২ আগস্ট যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের পৃথক দুটি টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে ভারত থেকে অবৈধভাবে আনা ৫৪টি শাড়ি, ১.৫ কেজি জিরা, ২৩ কেজি ফুসকা, ৬ হাজার ২৯৫টি বিভিন্ন প্রকারের ওষুধ, ১৪টি চকলেট এবং ১২৭টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এই চোরাচালানি মালামালের মোট বাজারমূল্য আনুমানিক ৯ লাখ ৮২ হাজার ২৩০ টাকা।
বিজ্ঞাপন
অভিযানের বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও অবৈধ সীমান্ত পাচার চক্র রোখার উদ্দেশ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তে নিয়মিত অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে চোরাচালান সম্পূর্ণ নির্মূল করতে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

