স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর বটতলা পূজা মণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) ইউনিয়নের বাহাদুরপুর বটতলা এলাকার উক্ত পূজামণ্ডপে উপস্থিত হয়ে তিনি সার্বিক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী মণ্ডপ প্রাঙ্গণে পৌঁছালে পূজা উদযাপন কমিটি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তিনি দেবী দুর্গার প্রতিমা দর্শন করেন এবং মণ্ডপে উপস্থিত পুজারি ও দর্শনার্থীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
বিজ্ঞাপন
শুভেচ্ছা বিনিময়কালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আবহমানকাল ধরে এই জনপদে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক সৌহার্দ্য ও ধর্মীয় সম্প্রীতিই আমাদের বড় শক্তি। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার—এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাঙালি জাতি যুগ যুগ ধরে উৎসব পালন করে আসছে।
তিনি আরও উল্লেখ করেন যে, শারদীয় দুর্গোৎসব যাতে অত্যন্ত শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হতে পারে, সে জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করছে।
পরিদর্শনকালে অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের সুধীজন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীকে নিজেদের মাঝে পেয়ে মণ্ডপে সমবেত ভক্তকূল ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা ও আনন্দ লক্ষ্য করা যায়। ছবি সংগৃহীত।

