স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের অভয়নগরে সাবেক চরমপন্থী সদস্য মো. বাহারুল মল্লিক ওরফে বাহুল্লুকে (৪৬) প্রকাশ্যে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় নিহত বাহুল্লুর বড় ভাই বিল্লাল মল্লিক (৪৭) বাদী হয়ে অভয়নগর থানায় এ এজাহার দায়ের করেন।
বিজ্ঞাপন
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার রানাগাতী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার রশিদ মোল্লার একটি বাগানের ভেতর থেকে বাহারুল মল্লিকের রক্তাপ্লুত নিথর মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের বুকের নিচে ও বাম পায়ের হাঁটুর ওপরে সুনির্দিষ্ট গুলির চিহ্ন রয়েছে বলে মামলার এজাহারে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
নিহত বাহারুল মল্লিক উপজেলার রানাগাতী পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল হাকিম মল্লিকের ছেলে।
চাঞ্চল্যকর এ মামলায় নিহতের অতীত জীবনযাপন সম্পর্কে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। এজাহারে বাদী উল্লেখ করেন, নিহত বাহারুল নিষিদ্ধ ঘোষিত একটি আঞ্চলিক চরমপন্থী সংগঠনের ‘নান্নু গ্রুপ’-এর সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। নিরাপত্তা ও প্রতিপক্ষের হামলার আশঙ্কায় তিনি দীর্ঘ দিন ধরে নিজ এলাকা ও বাড়িঘরের বাইরে অবস্থান করছিলেন।
মামলা দায়েরের বিষয়ে বাদী বিল্লাল মল্লিক জানান, আকস্মিক ও নৃশংস এ হত্যাকাণ্ডের পর পরিবারের অন্যান্য সদস্য ও স্বজনদের সাথে সার্বিক আলোচনা ও আইনি পরামর্শ সম্পন্ন করতে মামলাটি দায়ের করতে সামান্য বিলম্ব হয়েছে।
মামলার বিষযে অভয়নগর থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সাথে জড়িত ঘাতকদের সুনির্দিষ্ট পরিচয় শনাক্তকরণ এবং তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে ইতিমধ্যে পুলিশের একাধিক টিম বিশেষ তদন্ত ও অভিযান শুরু করেছে।


