রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে অসহায়, দুস্থ ও দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে শাড়ি বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের বিশেষ আয়োজনে এই মানবিক সহায়তামূলক কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত দুস্থদের হাতে শাড়ি তুলে দেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ ও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাস্টার আজিজুর রহমান, সাবেক উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সিনিয়র প্রভাষক মুহা. শরিফুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা সভাপতি প্রবীর কুমার এবং কোটচাঁদপুর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যজোটের পৌর সভাপতি শান্তি বিশ্বাসসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন ও আয়োজক সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সমাজের সর্বস্তরের অসচ্ছল মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডার থেকে প্রাপ্ত এসব বস্ত্র বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের মানবিক ও সহায়তামূলক কর্মকাণ্ড সমাজে পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য এবং অসাম্প্রদায়িক সম্প্রীতি আরও গভীর ও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সংস্কৃতি বজায় রেখে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রতি আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সুধীজন। ছবি সংগৃহীত।
