কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
তারিখ: ১২ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী (সেলিম ভুঁইয়া) সমিতির উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জালালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের পারস্পরিক ঐক্য, পেশাগত দায়িত্ববোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সমিতির সভাপতি মো. নাজমুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর সরকারি কেএমএইচ কলেজের অধ্যক্ষ ও জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. রেজাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুশনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোস্তফা শাহিদ। সমিতির জেলা প্রধান উপদেষ্টা মো. আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সমিতির সাংগঠনিক সম্পাদক আক্তার জাহান।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বলুহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিয়ার রহমান, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম এবং তালসার হাইস্কুলের সহকারী শিক্ষক মো. রমজান আলীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
সভায় বক্তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত ও গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকার পাশাপাশি নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুদৃঢ় ঐক্যের কোনো বিকল্প নেই। শিক্ষক-কর্মচারীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা শেষে আগামী দিনে সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও গতিশীল করার পাশাপাশি উপজেলার সকল শিক্ষক-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের সম্পর্ক আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ছবি সংগৃহীত।
