কেশবপুর প্রতিনিধি :
তারিখ: ৯ নভেম্বর ২০২৬
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সুনির্দিষ্ট কোনো মামলা ছাড়া সাংবাদিকদের অনাকাঙ্ক্ষিত পুলিশি হয়রানি না করার জোরালো দাবি জানানো হয়েছে। সভায় কেশবপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশরাফুজ্জামানকে কোনো মামলা ছাড়াই পুলিশি হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন ক্লাব নেতৃত্ব।
আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন।
বিজ্ঞাপন
সভায় আমন্ত্রিত অতিথি ও প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর কবির বিশ্বাস, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. সাহিদুর রহমান সাইদ, পৌর জামায়াতের আমির মো. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানীসহ অনেকে।
সভায় বক্তব্য প্রদানকালে কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল সাংবাদিক আশরাফুজ্জামানকে পুলিশি হয়রানির বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান। একই অভিযোগ এনে সাংবাদিকদের অযথা হয়রানি বন্ধের জোর দাবি ব্যক্ত করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর কবির বিশ্বাস।
এ ছাড়া সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের অনিয়ন্ত্রিত মোবাইল ফোন নিয়ে আসা ও ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে গুরুত্বের সাথে আলোচনা করা হয়। একই সাথে কেশবপুর পৌর শহরের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন এবং সামাজিক ব্যাধি বাল্যবিবাহ প্রতিরোধে বক্তারা তাঁদের দিকনির্দেশনামূলক মতামত তুলে ধরেন।
সভাপতি ও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাগণ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং উপস্থাপিত জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বস্ত করে সভা সমাপ্ত ঘোষণা করেন। ছবি প্রতিবেদক।
