মো: মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
তারিখ: ১৯ নভেম্বর ২০২৬
চরম উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে পাঁচটি দিন পার করলেও এখনো কোনো হদিস মেলেনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২২ বছর বয়সী যুবক বিল্লাল হোসেনের। মানসিক ভারসাম্যহীন ওই তরুণ গত শনিবার (১৪ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর ঘরে ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হওয়ার পর আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর বাবা মোমিন হোসেন।
নিখোঁজ বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের তক্তিপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
থানায় দায়ের করা অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন বিল্লাল। গত শনিবার সকালে তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা আশপাশের এলাকা ও আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিতে শুরু করেন। কিন্তু টানা পাঁচ দিন পেরিয়ে গেলেও কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি। মানসিক রোগী হওয়ায় ছেলের সার্বিক নিরাপত্তা নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিখোঁজ যুবকের অবস্থান শনাক্ত ও তাঁকে খুঁজে বের করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ছবি সংগৃহীত।

