মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
তারিখ: ৭ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকার ২৫ জন অসহায়, দুস্থ ও অসচ্ছল ব্যক্তির মাঝে সরকারি অনুদানের আর্থিক সহায়তার চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে শহরের কলাহাটা রোডস্থ স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে প্রাপ্ত মোট ২ লাখ ৫০ হাজার টাকা এ সময় উপকারভোগীদের মধ্যে বণ্টন করা হয়। তালিকাভুক্ত ২৫ জন অসচ্ছল ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জামায়াতে ইসলামী নেতা ও ১ নম্বর সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আলিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি লুৎফর রহমান এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল গফফারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের এই ধরনের ক্ষুদ্র অনুদান ও সহায়তা সমাজের পিছিয়ে থাকা প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ছবি সংগৃহীত।
