বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাড়িতে একা পেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে যৌন নিপীড়নের মারাত্মক অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী যুবনেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি শিমুল হাওলাদার। গত ১০ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামে এ জঘন্য অপরাধটি ঘটে। তবে প্রভাবশালী মহল ও রাজনৈতিক হুমকির ভয়ে চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করা শিশুটির পরিবার দীর্ঘ ১৫ দিন ঘটনাটি চেপে রাখতে বাধ্য হয়। পরবর্তীতে বিষয়টি স্থানীয় পর্যায়ে শালিস-মিমাংসার নামে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করা হলে চক্রান্তটি প্রকাশ্যে চলে আসে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী শিশুটির মা কান্নায় ভেঙে পড়ে জানান, ঘটনার দিন সকালে তিনি এবং তাঁর স্বামী বাড়ি ছিলেন না। ঘরে ওই শিশুটি একা বসে মোবাইল ফোন দেখছিল। সেই সুযোগে শিমুল হাওলাদার কয়েকটি রুটি হাতে নিয়ে অনধিকার প্রবেশ করে এবং কৌশলে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে শিশুটিকে জোরপূর্বক জাপটে ধরে চরম অশ্লীল ও বিকৃত আচরণ করে। শিশুটি আত্মরক্ষার্থে বিকট চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে উঠানে জ্ঞান হারিয়ে ফেলে। এত বড় নির্যাতনের পরও প্রতিপক্ষের ভয়ে ভুক্তভোগী পরিবার কোথাও কোনো লিখিত অভিযোগ করার সাহস পায়নি।
বিজ্ঞাপন
এমনকি শিশুটির বাবাও চরম নিরাপত্তাহীনতা ও বড় ধরনের ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন। তিনি অভিযোগ করে জানান, স্থানীয় প্রভাবশালীরা তাঁকে কোনো প্রকার আইনি পদক্ষেপে না গিয়ে অন্যায্য শালিস মেনে নিতে প্রতিনিয়ত বাধ্য করছে। কোনো উপায় না দেখে গত ২৩ আগস্ট কলাপাড়া থানায় গেলেও লিখিত অভিযোগ জমা না দিয়ে ফিরে আসতে হয় ভীতি প্রদর্শন ও চাপের কারণে।
এদিকে ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত শিমুল হাওলাদার পূর্বেও একাধিক নারীঘটিত অপরাধ সংঘটিত করেছেন। কিন্তু প্রতিবারই ক্ষমতার দাপট ও ভয়ভীতি দেখিয়ে তিনি পার পেয়ে যান। পূর্বের অপকর্মগুলোর কোনো বিচার না হওয়ায় দিন দিন তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন এবং এবার এক অবুঝ শিশুর ওপর পাশবিক নির্যাতন চালিয়েছেন। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এহেন ঘৃণ্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, অসহায় ও দরিদ্র পরিবারটির পাশে উপজেলা প্রশাসন সব সময় থাকবে এবং তাদের প্রয়োজনীয় সর্বাত্মক আইনি ও সামাজিক সহযোগিতা প্রদান করা হবে।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শিমুল হাওলাদার দাবি করেন, তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ ও একটি স্বার্থান্বেষী মহল ষড়যোদ্ধ্র করে তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে ফাঁদে ফেলার চেষ্টা করছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম এ প্রসঙ্গে জানান, ভুক্তভোগী পরিবার থানায় আসলে লিখিত এজাহার জমা দিতে বলা হয়েছিল। তারা লিখিত অভিযোগ প্রদান করা মাত্রই আসামির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

