কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
তারিখ: ৯ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের কোটচাঁদপুরে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামীম হোসাইন। উপজেলার সার্বিক উন্নয়ন, দীর্ঘকালের অতীত ঐতিহ্য, নাগরিক বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের বলিষ্ঠ ভূমিকা এবং প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে সভায় প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাঁর নিজস্ব সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোটচাঁদপুর প্রেসক্লাবের সভাপতি কাজী মৃদুল, সাধারণ সম্পাদক আলমগীর খান, কোটচাঁদপুর মডেল প্রেসক্লাবের সভাপতি বিএম ওয়াদুদ, সিনিয়র সাংবাদিক রফিক মন্ডল, মামুন হুসাইন ও কামারুজ্জামান সিদ্দিকী প্রমুখ।
উুক্ত আলোচনা সভায় স্থানীয় সাংবাদিকরা কোটচাঁদপুরের গৌরবময় অতীত ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রযাত্রা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, নাগরিক সুযোগ-সুবিধা এবং এলাকার বিভিন্ন দীর্ঘস্থায়ী সমস্যা ও সম্ভাবনার দিকগুলো অত্যন্ত সুচারুভাবে তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে তথ্যপ্রাপ্তির অধিকার, প্রশাসনিক সহযোগিতা এবং মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের নানা সুবিধা-অসুবিধার বিষয়গুলোও খোলামেলাভাবে আলোচনায় স্থান পায়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসাইন বলেন, “জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি, উপজেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম এবং স্থানীয় জনসাধারণের না বলা সমস্যাগুলো বস্তুনিষ্ঠভাবে সংবাদপত্র ও গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।” তিনি বলেন, উন্নয়নের গল্পের পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলোও সমানভাবে সংবাদমাধ্যমে তুলে ধরতে হবে।
তিনি আরও জোর দিয়ে বলেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আন্তরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও বেশি গতিশীল হবে। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের পক্ষ থেকে গঠনমূলক পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ইউএনওকে কোটচাঁদপুরের বিভিন্ন চলমান সমস্যা, জনদুর্ভোগের চিত্র এবং অপার সম্ভাবনার দিকগুলো সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। একই সঙ্গে স্থানীয় সাংবাদিকতা ও স্বাধীন গণমাধ্যমের সঠিক বিকাশে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেন তারা।
একটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা প্রশাসন ও স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও নিবিড় সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে গভীর আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা। ছবি সংগৃহীত।
