ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের মামলা যশোরের সাবেক দুই ব্যাংক কর্মকর্তাসহ  ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের মামলা যশোরের সাবেক দুই ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১৩ নভেম্বর ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র যশোর শাখা থেকে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা আত্মসাতের চাঞ্চল্যকর মামলায় দুই ব্যাংক কর্মকর্তাসহ মোট চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।  বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) যশোরের স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক এস এম নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চট্টগ্রামের বাসিন্দা জিয়াউল হক ও তাঁর ছেলে এনামুল হক এবং ইসলামী ব্যাংক যশোর শাখার তৎকালীন সাবেক সিনিয়র অফিসার শেখ জামিল আহমেদ ও সাবেক গুদামরক্ষক মোয়াজ্জেম হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালতের রায়ে আসামি জিয়াউল হক ও এনামুল হককে বিভিন্ন ধারায় সর্বোচ্চ তিন বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অন্যদিকে, ব্যাংকের সাবেক দুই কর্মকর্তা শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের বিভিন্ন ধারায় সর্বোচ্চ ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানাও করা হয়েছে।

আদালত আদেশে স্পষ্ট করে জানিয়েছেন যে, আত্মসাৎকৃত মোট ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। বিশেষ করে ব্যাংকের সাবেক কর্মকর্তা শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনের নিজস্ব স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলাম বা বাজেয়াপ্তকরণের মাধ্যমে এই অর্থ আদায়যোগ্য হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

মামলার নথিপত্র সূত্রে জানা যায়, ১৯৯১ সালে এনামুল হক ইসলামী ব্যাংকের যশোর শাখায় বিনিয়োগ সুবিধার জন্য আবেদন করেছিলেন। পরবর্তীতে চট্টগ্রামের একটি সম্পত্তি ব্যাংকে বন্ধক দেখিয়ে প্রায় এক কোটি টাকার বিনিয়োগ সুবিধা গ্রহণ করা হয়। ব্যাংকের নিজস্ব গুদামে টায়ার ও টিউব মজুত দেখিয়ে মোট নয়টি ডিলের মাধ্যমে প্রায় ৯৬ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধ দেখানো হলেও মূলত পণ্য সরবরাহের কোনো বাস্তব অস্তিত্ব ছিল না এবং অধিকাংশ অর্থ জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়। পরবর্তীতে সুদ ও কমিশনসহ ১৯৯৫ সালের এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট আত্মসাৎকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা।

দীর্ঘ এই আর্থিক অনিয়মের ঘটনায় ২০০০ সালের ২১ মে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি দীর্ঘ তদন্ত করে ২০১৩ সালের ২৮ জানুয়ারি চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম রায়ের সত্যতা নিশ্চিত করে জানান যে, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামিই পলাতক ছিলেন। আদালত তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন এবং সাজা একই সঙ্গে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ২ হাজার যানবাহনে তল্লাশি চালিয়ে ৩২টি মোটরসাইকেল জব্দ : মাদকসহ গ্রেপ্তার ১১

ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ গ্রেপ্তার

শংকরপুরকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঝিকরগাছা ইউনিয়ন ফুটবল একাদশ

চৌগাছায় এসআরবি-বিজিবির যৌথ অভিযান : ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার

যশোর চুরামনকাটিতে বিএনপি নেতার বাড়িতে বোমাসাদৃশ্য বস্তু ফেলে ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা

বাঘারপাড়ায় আদালতের পরোয়ানা সত্ত্বেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ, হুমকিতে বাড়ি ছাড়া বাদীর পরিব...

যশোরে ফাস্টফুড দোকানিকে গলা কেটে হত্যার চেষ্টা : অভিযুক্তের কোতোয়ালি থানায় আত্মসমর্পণ

বেনাপোল বন্দর থেকে শুল্ক ফাঁকি দেয়া প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল মুন্সীগঞ্জে জব্দ

মুনসেফপুরের বিএনপি নেতা তালেব হত্যা মামলা : আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিলেন আসামি শফিয়ার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *