মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্বয়ং প্রধানমন্ত্রী বলে স্পষ্ট জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, রাষ্ট্রের সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ কেউ করলে কিংবা আইন ভঙ্গ করলে সে ক্ষেত্রে কেউই আইনের ঊর্ধ্বে নন।
আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) নতুন ভবন উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব গুরুত্বপূর্ণ কথা বলেন।
ঝিনাইদহে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়া আইনমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে আইনি ব্যাখ্যা প্রদান করেন। তিনি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে আইনগত কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা নেই। অতীতে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন, ঠিক সেভাবেই নতুন নিয়মেও তাঁরা অংশ নিতে পারবেন।
বিজ্ঞাপন
একই সাথে আগামী স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সরকার সম্পূর্ণ আশাবাদী উল্লেখ করে সর্বসাধারণকে সরকারের ওপর আস্থা রাখার তাগিদ দেন মন্ত্রী।
এর আগে সকালে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন আইনমন্ত্রী। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

