স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৭ নভেম্বর ২০২৬
আগামী বুধবার (২ ডিসেম্বর) যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি বাংলাদেশ বিমানবাহিনী একাডেমির ‘প্রেসিডেন্ট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। যশোরের নির্ধারিত কর্মসূচি শেষ করে একই দিন কুষ্টিয়ায় যাবেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত বুধবার (২৫ নভেম্বর) জারি করা বিজ্ঞপ্তির সূত্রে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে যশোর ও কুষ্টিয়ার বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
যশোর পর্বে প্রধানমন্ত্রীর প্রধান আয়োজন হলো বাংলাদেশ বিমানবাহিনী একাডেমির প্রেসিডেন্ট প্যারেড। এ কুচকাওয়াজের মধ্য দিয়ে প্রশিক্ষণ সমাপ্ত করা নবীন কর্মকর্তাদের সামরিক বাহিনীতে আনুষ্ঠানিক পথচলার স্বীকৃতি দেওয়া হয়।
যশোরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় রওনা হবেন। সেখানে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন তিনি। এর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ছাড়াও ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
কৃষি তথ্য সার্ভিসের বরাতে জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ও কমলাপুর ব্লকের ২ হাজার ৮৫০ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রতিটি কৃষককে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৭১ লাখ ২৫ হাজার টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের সরকারি সম্মানী দেওয়ার কার্যক্রমেও প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর যশোর সফরকে কেন্দ্র করে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের উপস্থিত থাকার বিষয়টি আলোচনায় থাকলেও প্রকাশিত সরকারি সফরসূচিতে তা রাখা হয়নি। একইভাবে যশোরে কোনো জনসভা, দলীয় সমাবেশ কিংবা স্থানীয় উন্নয়ন প্রকল্প উদ্বোধনের বিষয়ও সফরসূচিতে নেই।
সব কর্মসূচি শেষে একই দিন বিকালে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।
