মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ):
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন ও ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর কাজ অসমাপ্ত রেখে রাতারাতি উধাও হয়ে গেছেন ঠিকাদার। এরপর থেকে দীর্ঘ দু’বছর পার হতে চললেও আর ফেরেননি তিনি। ফলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রধান ডাকঘর ‘নলডাঙ্গা পোস্ট অফিস’-এর ভবনের জরাজীর্ণ সংস্কার কাজ চরম অনিশ্চয়তায় পড়েছে।
বর্তমানে মূল ভবনের দরজা-জানালা না থাকায় সেটি লাকড়ি-খড়ি রাখার স্তূপ ও মোটরবাইক গ্যারেজে পরিণত হয়ে এক ভূতুড়ে রূপ ধারণ করেছে।
সরেজমিনে ঝিনাইদহের কালীগঞ্জ প্রধান ডাকঘরে গিয়ে দেখা যায়, মূল অফিস কক্ষের দরজা-জানালা বলতে কিছুই নেই। ভেতরে পড়ে আছে লাকড়ির স্তূপ আর কর্মচারীদের মোটরসাইকেল। প্রধান ভবনে বসার উপায় না থাকায় পাশে ১০ বাই ১০ ফুটের একটি অতি ক্ষুদ্র কক্ষে ৪টি টেবিল বসিয়ে ঠাসাঠাসি করে কাজ করছেন ৮ জন ডাক কর্মী। আর ৬ ফুটের আরেকটি ছোট কামরায় দাপ্তরিক কাজ সামলাচ্ছেন ভারপ্রাপ্ত উপজেলা পোস্টমাস্টার।
বিজ্ঞাপন
কক্ষ সংকটের কারণে জীবনের ঝুঁকি নিয়ে একদিকে যেমন কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন, অন্যদিকে সরকারি-বেসরকারি ও সাধারণ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও ডাক আদান-প্রদান ব্যাহত হয়ে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
অফিসের কর্মচারীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, জরাজীর্ণ ভবন সংস্কারের জন্য ২০২৩ সালে দরপত্র (টেন্ডার) আহ্বান করা হয়। কাজ পান ঝিনাইদহের বিগত সরকারের এক প্রভাবশালী ও আশীর্বাদপুষ্ট ঠিকাদার। কাজ শুরু করলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গ্রেপ্তার এড়াতে গা-ঢাকা দেন ওই ঠিকাদার। সেই থেকে কাজ সম্পূর্ণ বন্ধ।
কালীগঞ্জ উপজেলা পোস্টমাস্টার (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান জানান, তিনি এক বছর আগে যোগদান করেছেন এবং যোগদানের পর থেকে ঠিকাদারকে একদিনের জন্যও কার্যালয়ে আসতে দেখেননি। এমনকি ঠিকাদার বা তার প্রতিষ্ঠানের নামও জানেন না তিনি।
ঝিনাইদহ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার রিয়াজুল হক এবং প্রকল্পের সাব-ইঞ্জিনিয়ার তাইবুর রহমান জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই সংস্কার কাজ খুব দ্রুত পুনঃরায় শুরু করার আশ্বাস দিয়েছেন তারা।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বিস্ময় প্রকাশ করে বলেন, “ঠিকাদার পালিয়ে যাওয়া বা সংস্কার কাজ বন্ধ থাকার বিষয়টি ইতিপূর্বে ডাক বিভাগের পক্ষ থেকে আমাকে অবগত করা হয়নি। বিষয়টি সরেজমিনে খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।” ছবি সংগৃহীত।

