স্ফুলিঙ্গ ডেক্স :
মাদারীপুরের শিবচরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বিশেষ অভিযান চালিয়ে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে শিবচর থানাধীন পাচ্চর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর খানাকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর খানাকান্দি গ্রামের সিকান্দার শেখের ছেলে মো. সেলিম শেখ (৪২), দক্ষিণ শিরখাড়া এলাকার ওমর আলীর ছেলে মাহাবুল শেখ (২৩) এবং নলগোড়া খাজারডেক গ্রামের মৃত তোতা মাতুব্বরের ছেলে মো. জামাল মাতুব্বর (৪০)।
বিজ্ঞাপন
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার খবর পেয়ে ডিবি পুলিশের দলটি ঝটিকা অভিযান চালায়। এ সময় উপস্থিত তিনজনকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি পদক্ষেপ চলছে। ছবি সংগৃহীত।

