স্ফুলিঙ্গ রিপোর্ট :
গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক চোরাচালানকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি, যশোর ব্যাটালিয়ন)।
আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) রাত আড়াইটার দিকে (০২৩০ ঘটিকা) যশোর-বেনাপোল হাইওয়ের দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ তল্লাশি অভিযান পরিচালিত হয়।
আটককৃত পাচারকারীর নাম মোঃ ফারুক (৩০)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
বিজিবি জানায়, বিজিবির বিশেষ আভিযানিক দল মহাসড়কে অবস্থান নিয়ে ফারুকে গতিরোধ করে। পরবর্তীতে তাঁর দেহে তল্লাশি চালিয়ে কৌশলগতভাবে লুকিয়ে রাখা সাড়ে ৪টি (চারটি পূর্ণাঙ্গ ও একটির খণ্ডাংশ) স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫২৯.৬৪ গ্রাম। এ সময় তাঁর কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ১,৬৫৫ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। মোবাইল ফোন ও নগদ টাকাসহ বাজেয়াপ্তকৃত মালামালের সর্বমোট মূল্য দাঁড়ায় ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে ধৃত ফারুক স্বীকার করেন, রাজধানী ঢাকা থেকে এই ভারী স্বর্ণের চালানটি সংগ্রহ করে বেনাপোল সীমান্ত পার করে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাঁর।
আটককৃত আসামির বিরুদ্ধে চোরাচালান নিরোধ আইনে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত মালামাল সহ তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।
