স্বামীকে বিষমিশ্রিত ভাতের পর দিলেন দ্বিতীয় দফায় বিষাক্ত শরবত!

স্বামীকে বিষমিশ্রিত ভাতের পর দিলেন দ্বিতীয় দফায় বিষাক্ত শরবত!

স্ফুলিঙ্গ ডেক্স :

পঞ্চগড় সদর উপজেলায় পরকীয়া প্রেমে অন্ধ হয়ে নিজ স্বামীকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে এবং পরবর্তীতে যন্ত্রণায় কাতরাণো অবস্থায় সুকৌশলে পুনরায় বিষাক্ত শরবত খাইয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার ৩ নম্বর চাকলাহাট ইউনিয়নের শিংরোড প্রধানপাড়া এলাকা থেকে ঘাতক স্ত্রী মৌসুমী আক্তার (২৫)-কে গ্রেপ্তার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত ওই যুবকের নাম আলম হক (৩০)। তিনি ওই এলাকার তসলিম উদ্দীনের ছেলে। আটককৃত মৌসুমী আক্তার ও নিহতের ৯ বছরের সংসার জীবনে সাত বছর বয়সী এক কন্যা ও পাঁচ বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে।

ঘটনার বিবরণ, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে স্বামী আলম হককে ভাতের সাথে গোপনীয় ওষুধ (বিষ) মিশিয়ে খেতে দেন স্ত্রী মৌসুমী। খাবার শেষ করে শুয়ে পড়ার পরপরই আলমের পেটে প্রচণ্ড যন্ত্রণা ও অস্বস্তি শুরু হয় এবং তিনি বমি করতে থাকেন।

বিষয়টি জানতে পেরে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এলে আলমের শারীরিক অস্বস্তি দূর করতে মিষ্টি শরবত খাওয়ানোর পরামর্শ দেন। এ সুযোগে চতুর স্ত্রী মৌসুমী পুনরায় শরবতের সাথে বিষাক্ত তরল ওষুধ মিশিয়ে স্বামীকে পান করান। এতে আলমের শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাঁকে দ্রত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে রংপুর নেওয়ার পথে দেবীগঞ্জ এলাকায় পৌঁছালে পথেই আলমের করুণ মৃত্যু হয়।

ঘটনার পরপরই লাশ উদ্ধার করে রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয় এবং থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়। তবে মৃত্যুর ধরন নিয়ে স্বজনদের মনে সন্দেহ দানা বাঁধলে সোমবার দুপুরে পরিবারের লোকজন মৌসুমীকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

একপর্যায়ে আলমের ভাগনে মকছেদুলের কাছে কান্নায় ভেঙে পড়ে নিজের কৃতকর্ম ও বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেন মৌসুমী। তিনি জানান, একই এলাকার বাবুল হোসেন (৩৪) নামে এক ব্যক্তির সাথে তাঁর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। ওই বাবুলের প্ররোচনা ও জোগানেই তিনি স্বামীকে ঘুমের ওষুধের কথা বলে বিষ খাইয়েছেন।

এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয় জনতা মৌসুমীকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, “পূর্বের দায়ের করা অপমৃত্যু (ইউডি) মামলাটি এখন নিয়মিত হত্যা মামলায় রূপান্তরিত করা হয়েছে। বিষ খাইয়ে হত্যার কথা স্বীকার করায় গ্রেপ্তারকৃত স্ত্রী মৌসুমী আক্তারকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনার মূল নেপথ্য কারিগর অপর অভিযুক্ত বাবুলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক চৌকস টিম অভিযানে রয়েছে।” ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *