স্ফুলিঙ্গ রিপোর্ট :
শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে কোনো ধরনের সন্ত্রাস কিংবা শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, ছাত্রদলের ব্যানারে থেকে এমন ধৃষ্টতা দেখানোর সুযোগ কেউ পাবে না। অতীতে ছাত্রলীগ শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলেও বর্তমান সময়ে এসে ছাত্রদল একই কাজ করতে পারবে না বলে জানান তিনি।
বিজ্ঞাপন
যশোর জেলা প্রশাসনের আয়োজনে সরকারি-বেসরকারি কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং পরিচালনা পর্ষদের সভাপতিদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন, নিয়োগ বাণিজ্য বন্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনার ব্যবস্থা করা হয়।
বিজ্ঞাপন
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও অধ্যক্ষদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন যে, পূর্বে নিয়োগ প্রক্রিয়ায় বিপুল অংকের অর্থ লেনদেন হতো এবং তৎকালীন জনপ্রতিনিধিরা তা ভাগ করে নিতেন। তবে বর্তমানে কোনো নিয়োগ প্রক্রিয়ায় এক টাকার লেনদেনও সহ্য করা হবে না। সেই সাথে শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর শিক্ষকদের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ প্রকাশের কোনো স্থান নেই বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও কল্যাণের প্রতি গুরুত্বারোপ করে অনিন্দ্য ইসলাম অমিত জানান, অর্থের টানাপোড়েনে কোনো মেধা যেন ঝরে না পড়ে তার দায়িত্ব নেওয়া হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ক্যাম্পাস পরিষ্কার রাখা এবং বৃক্ষরোপণের ওপর তাগিদ দিয়ে শিগগিরই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার পরিকল্পনার কথা ব্যক্ত করেন তিনি। যশোরের জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।


