স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর ২০২৬) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার চটকাপোতা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. মফিজুর রহমান (৪৫)। তিনি শার্শা থানাধীন চটকাপোতা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামি শার্শা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) আশীষ সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম চটকাপোতা গ্রামে আসামির নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শার্শা থানায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে মো. মফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
শার্শা থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) যথাযথ পুলিশ প্রহরায় গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধীদের বিচারে সোপর্দ করতে পুলিশের এই ধারাবাহিক বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।
