স্ফুলিঙ্গ রিপোর্ট :
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে যশোরে অনুষ্ঠিত হলো রোটারি ক্লাব অব যশোর রূপান্তরের বৃক্ষরোপণ কর্মসূচি। রোটারি বর্ষ ২০২৬-২৭-এর বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে এই পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) সকালে যশোর সদর উপজেলার রামনগর রাজারহাটস্থ ‘ক্ষণিকা পিকনিক কর্নার’-এ এক আনন্দঘন পরিবেশে এই চারা রোপণ কার্যক্রম পরিচালিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত থেকে দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা প্রদান করেন রোটারি ক্লাব অব যশোর রূপান্তরের এডভাইজার ও পাস্ট প্রেসিডেন্ট এ জেট এম সালেক এবং সেন্ট্রাল ডেপুটি কোঅর্ডিনেটর (এডমিন) ও পাস্ট প্রেসিডেন্ট কাজী আজিজুর রহমান রনি।
ক্লাবটির সম্মানিত প্রেসিডেন্ট হাসান কবির বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র রোটারিয়ান দেবব্রত ঘোষ, সেক্রেটারি আতিয়ার রহমানসহ ক্লাবের বিভিন্ন স্তরের রোটারিয়ান সদস্যবৃন্দ।
কর্মসূচি চলাকালে ক্ষণিকা পিকনিক কর্নার ও এর আশপাশের বিভিন্ন খালি জায়গায় নানা জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে রোটারিয়ান নেতৃবৃন্দ এই ধরনের জনকল্যাণমূলক সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতে আরও ব্যাপকভাবে অব্যাহত রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

