স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে পরীক্ষার্থীদের প্যারেড, সাক্ষাৎকার এবং অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ৭টায় যশোর পুলিশ লাইন্স মাঠে এই পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অত্র জেলা হতে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী কনস্টেবল থেকে নায়ক/এটিএসআই, নায়ক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতিপ্রার্থী সকল পুলিশ সদস্যরা এতে অংশ নেন।
বিজ্ঞাপন
উক্ত পরীক্ষার বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। তিনি পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর সুনির্দিষ্ট প্যারেড পারফরম্যান্স, সাক্ষাৎকার গ্রহণ করেন এবং অস্ত্র খোলা-জোড়া দেওয়ার পেশাগত দক্ষতা সরেজমিনে পরীক্ষা করেন।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গ্রহণকালে বোর্ডের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী, যশোর “ক” সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, যশোর পুলিশ লাইন্সের আরআই পরিদর্শক (সশস্ত্র) মোঃ মনিরুল ইসলামসহ পদোন্নতি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দ এবং পরীক্ষায় অংশ নেওয়া জেলা পুলিশের সদস্যগণ। ছবি সংগৃহীত।

