স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে বর্তমান ২০ শয্যা থেকে বাড়িয়ে ৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এই পরিকল্পনা বাস্তবায়নে ২০২৮ সালের জুন মাসের মধ্যে এখানে একটি দৃষ্টিনন্দন ৯ তলা ভবন নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) যশোর জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ‘সিজারিয়ান সেকশন সেবা’র আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী অমিত বলেন, “পূর্বে এই কেন্দ্রে জরুরি সিজারিয়ান কিংবা উন্নত ধাত্রী সেবার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। বিগত অনির্বাচিত সরকার জনগণের এই মৌলিক স্বাস্থ্যসেবা নিয়ে উদাসীন ছিল। তবে বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রতিষ্ঠানের সব সীমাবদ্ধতা কাটিয়ে আধুনিক রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে। একনেকে ঝুলে থাকা প্রয়োজনীয় ফাইলগুলো দ্রুত পাস করিয়ে বহুতল ভবনের কাজ শুরু করা হবে।”
বিজ্ঞাপন
চিকিৎসা সেবার মান বৃদ্ধির তাগিদ দিয়ে স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেমন-তেমন সেবা দিয়ে দায় এড়ানোর দিন শেষ। রোগীদের সর্বোচ্চ নিরাপদ ও আধুনিক চিকিৎসা দিতে হবে। চিকিৎসকদের সময়মতো অফিসে আসতে হবে এবং নির্ধারিত সময় পর্যন্ত অবস্থান করে বহির্বিভাগ ও অন্তর্বিভাগের রোগীদের সেবায় আত্মনিয়োগ করতে হবে। কারণ জনগণের অভিযোগ শুনলে আমরা তা সহ্য করব না।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দিলদার হোসেন।
এর আগে প্রতিমন্ত্রী যশোর পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখা ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত মশাবাহিত রোগ ‘ডেঙ্গু’ প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান, জীবাণুনাশক স্প্রে ছিটানো এবং লিফলেট বিতরণ কর্মসূচির শুভ সূচনা করেন। ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।
দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বহুল প্রতীক্ষিত ‘ডকোলজিস্ট’ অ্যাপের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সম্পাদক তানভীরুল ইসলাম সোহানসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত।
