স্ফুলিঙ্গ রিপোর্ট :
বিজ্ঞ আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে যশোর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কসবা মৌজায় সরদার স্টেটের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক জবরদখলের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নির্মাণসামগ্রী ফেলে জমি দখলের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেছেন সম্পত্তির মূল মালিক সায়াদ হোসেন।
বিজ্ঞাপন
ভুক্তভোগী সায়াদ হোসেন জানান, শুক্রবার আসাদুজ্জামান, সুমন হোসেন ও রাজুসহ স্থানীয় বিএনপি নেতা মানিকের নেতৃত্বে একদল লোক ওই সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে ইট, খোয়া ও বালু ফেলে জমি দখলের পায়তারা চালায়। এ সময় সায়াদ হোসেন ও তাঁর স্বজনেরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তীব্র হট্টগোল ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
ঘটনার বিবরণ দিতে গিয়ে সায়াদ হোসেন আরও অভিযোগ করেন, অন্যায্য দখলের দৃশ্যটি মুঠোফোনে ধারণ করার সময় অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়ে মারাত্মক ভয়ভীতি দেখায়। পরবর্তীতে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ধারণকৃত ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একই জমি জবরদখলের ষড়যন্ত্রের আভাস পেয়ে যশোরের কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সায়াদ হোসেন।
মামলার তথ্য ও অভিযোগ সূত্রে জানা যায়, পুরাতন কসবা মৌজায় আরএস ৬০৬ ও ৬০৭ খতিয়ানের অন্তর্গত আরএস ৬০৫৮ দাগে ১৬৪ দশমিক ৫০ শতক জমি নিয়ে যশোর সদর সিনিয়র সিভিল জজ আদালতে দেওয়ানি মামলা (মামলা নং- ৭৩/২৬) বিচারাধীন রয়েছে। ওই দেওয়ানি মামলায় আদালত জমিটির ওপর স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করেছেন বলে নিশ্চিত করেন সায়াদ হোসেন।
আইন অমান্য করে জমিতে রাখা বেআইনি মালামাল দ্রুত অপসারণ, বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা বহাল রাখা এবং পরিবারসহ নিজের জীবন ও সম্পত্তির সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সায়াদ হোসেন। ছবি সংগৃহীত।


