স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার চানপাড়া পূর্বপাড়ার মাঠে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির সময় দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বাঘারপাড়া উপজেলার ধর্মগাতি গ্রামের হেলাল খন্দকার (৩৩) এবং আর্গাইল গ্রামের গোলাম রসুল (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর ভোরে চানপাড়ার মাঠে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের তিনটি ট্রান্সফরমার চুরির চেষ্টা চালান তারা। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া করে ফতেপুর গ্রাম থেকে তাদের আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত হ্যাসকো ব্লেড, স্ক্রুড্রাইভার, তামার কয়েল ও লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার (৮ অক্টোবর) চিকিৎসা শেষে তাদের কারাগারে পাঠানো হয়।
অপরদিকে, যশোরে নাশকতার একটি মামলায় নজর আলী খোকা (৫৮) নামের আওয়ামী লীগের এক কর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তিনি সদর উপজেলার শ্রীপদ্দী গ্রামের মৃত মবজেলা মোড়লের ছেলে। পুলিশ জানায়, গত ২৭ আগস্ট সন্ধ্যায় উপশহর থেকে পালবাড়ি সড়কের কাঁঠালতলায় সংঘটিত সরকারবিরোধী মিছিলের ঘটনায় কোতোয়ালি থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি হিসেবে গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে শ্রীপদ্দী গ্রাম থেকে খোকাকে আটক করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন

