স্ফুলিঙ্গ রিপোর্ট :
জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে যুব সমাজ ও তরুণ প্রজন্মকে মরণনেশা থেকে রক্ষা করতে যশোরে ই-সিগারেট, ভেপ এবং নিকোটিন পাউচ অবিলম্বে নিষিদ্ধ করার জোরালো দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট একটি আনুষ্ঠানিক স্মারকলিপি পেশ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় বাংলাদেশ তামাকবিরোধী জোটের সার্বিক পক্ষে ‘প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থা’ (পিযেএস) এবং ‘পোফ’ সংস্থার যৌথ উদ্যোগে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের পক্ষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মারকলিপিটি গ্রহণ করেন এনডিসি মো. তাওমীদ হাসান।
স্মারকলিপি প্রদানকালে তামাকবিরোধী কার্যক্রমে সক্রিয় সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থার সুযোগ্য পরিচালক কাজী মো. জামিউল ইসলাম ডাবলু এবং পোফ সংস্থার নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমান উপস্থিত থেকে তামাকের নানা ক্ষতিকর দিক ও এর বিকল্প নেশা হিসেবে ই-সিগারেটের ভয়াবহতার বিষয়টি তুলে ধরেন।
বিজ্ঞাপন
সংগঠক নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে তরুণ ও কিশোর সমাজ সচেতনতার অভাবে ই-সিগারেট, ভেপ ও নিকোটিন পাউচের মতো নতুন ও আধুনিক মরণনেশায় আসক্ত হয়ে পড়ছে, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। জনস্বাস্থ্য রক্ষার্থে এবং মাদকাসক্তি প্রতিরোধে বাজারে ও অনলাইনে এ ধরনের সমস্ত তামাকজাত বিকল্প পণ্যের অবাধ বিক্রি ও ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করার প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। ছবি সংগৃহীত।
