স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল (আইসিপি) ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় এক বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ শাড়ি, পোশাক ও প্রসাধন সামগ্রী আটক করেছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকালে বেনাপোল আইসিপি চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে কৌশলে কর ফাঁকি দিয়ে নিয়ে আসা চোরাচালানি মালামাল খালাসের উদ্দেশ্যে কিছু পাচারকারী অবস্থান করছে—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিজিবির একটি চৌকস টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা মালামাল ফেলে সটকে পড়ে। পরবর্তীতে স্থানটি তল্লাশি করে ৩৪টি বিভিন্ন মানের শাড়ি, ২টি থ্রি-পিস, ১টি কম্বল, ১ কেজি কিসমিস এবং ৫টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
বিজ্ঞাপন
বিজিবি জানায়, উদ্ধারকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৪ হাজার ৬০০ (তিন লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শত) টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্য চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে বিজিবির এই কঠোর নজরদারি এবং নিয়মিত টহল অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস হাউসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

