মাগুরা প্রতিনিধি:
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস এবং সম্প্রীতির বার্তা নিয়ে মাগুরায় শুভ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব-২০২৬ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সুধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) মাগুরা জেলা শহরের কেন্দ্রীয় পূজামণ্ডপ ও আশপাশের চত্বরে জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে এ সুসংগঠিত উৎসবের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য জনাব মো. মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোতাকাব্বীর আহমেদ এবং মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। সভায় সভাপতিত্ব করেন মাগুরা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “শ্রীকৃষ্ণের বার্তা ছিল অন্যায় দূর করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির যে ঐতিহ্য মাগুরাসহ সারা দেশে বিরাজমান, তা আমাদের সম্মিলিতভাবে ধরে রাখতে হবে।”
আলোচনা সভা শেষে এক সুবিশাল ও সুসজ্জিত শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মণ্ডপ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এদিকে, জন্মাষ্টমী উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। শোভাযাত্রার রুট, উৎসবস্থল এবং আশপাশের স্পর্শকাতর পয়েন্টগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। যানবাহন চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেয়।
অনুষ্ঠানে মাগুরা জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো পুণ্যার্থী উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।


