মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর বাজারে দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় জয়ছন খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ভবনগর বাজার এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত জয়ছন খাতুন মহেশপুর উপজেলার শ্যামকুড় এলাকার মাহাবুল ইসলামের মা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধা জয়ছন খাতুন ভবনগর বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে মাথা ও পায়ে মারাত্মক আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এদিকে আকস্মিক এই মৃত্যুর খবরে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার সঙ্গে জড়িত ইজিবাইকটির চালক হিসেবে তুষার হোসেন নামের এক যুবকের নাম জানা গেছে। তিনি মহেশপুর উপজেলার শ্যামকুড় মাঠপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। ঘটনার সততা নিশ্চিত করেছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান। ছবি সংগৃহীত।
