স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুরে সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে আনন্দঘন পরিবেশে দিনব্যাপী মাছধরা ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে। যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির আহ্বানে এবং স্থানীয় আলোর কাফেলা সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এ ব্যতিক্রমী উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মনিরামপুরের স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেন।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির (যসাকস) সম্মানীত সদস্য আবু সাঈদ। সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তাকে আলোর কাফেলা সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিজ্ঞাপন
আলোর কাফেলা সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান আব্দুল হান্নান আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথির হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দীন আহমদ এবং ছাত্রবিষয়ক সম্পাদক রায়হান।
দিনব্যাপী এ আয়োজনে পুকুরে মাছধরা প্রতিযোগিতা, যৌথ মধ্যাহ্নভোজ ও পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, এলাকার সর্বস্তরের মানুষের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি ও মেলবন্ধন আরও সুদৃঢ় করতেই তাঁদের এই প্রয়াস।
অনুষ্ঠানে আগত অতিথিরা এলাকার সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে আলোর কাফেলা সমাজকল্যাণ সংস্থার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সমাজ গঠনে এ ধরনের ইতিবাচক ও সৃষ্টিশীল আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। ছবি সংগৃহীত।
