স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা উপজেলার বেনাপোলের বালুন্ডা গ্রামে তিন বছর বয়সী এক শিশু নিজ বাড়িতে যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় শিশুটির ৮৫ বছর বয়সী দাদা নূর আহমদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শিশুটির মা। শারীরিক অসুস্থতার কারণে শিশুটিকে বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির স্বজন ও মায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৬ বিকেল আনুমানিক ৩টার দিকে শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের বাসিন্দা নূর আহমদ নিজ কক্ষে শিশুটিকে ডেকে নিয়ে যৌন নির্যাতন চালান। ঘটনার পর অবুঝ শিশুটি শারীরিক কষ্টে কান্নাকাটি শুরু করে এবং তার মাকে বিষয়টি খুলে বলে।
পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং অসুস্থতা বৃদ্ধি পেলে পরিবারের সদস্যরা গত রোববার (২৫ অক্টোবর ২০২৬) তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। বর্তমানে শিশুটি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসাধীন রয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ঘটনাটির নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব আশরাফ জানান, বিষয়টি ইতিমধ্যে পুলিশের নজরে এসেছে এবং ঘটনাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি; অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে দ্রুত আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।
