স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৬ নভেম্বর ২০২৬
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে। অদ্য ০৬ নভেম্বর ২০২৬ তারিখে পরিচালিত এই সফল অভিযানে বিভিন্ন প্রকারের শাড়ি, কম্বল, কসমেটিকস সামগ্রী এবং মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বেনাপোল আইসিপি এলাকার সীমান্তসংলগ্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। টহলদলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৭৮টি ভারতীয় শাড়ি, ৩৮টি কম্বল, ০৮টি চাদর, ০১টি থ্রি-পিস, ৪.৫ কেজি জিরা, ২৭ প্যাকেট ফুসকা, ১৩.৫ কেজি কিসমিস, ০২ কেজি কাজু বাদাম, ১১৩৯টি চকলেট, ২১টি বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, ১৩৩৬টি কসমেটিক্স সামগ্রী এবং ১২০টি মোবাইল ফোনের ডিসপ্লে।
জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ২১,৭৪,৩৫০/- (একুশ লাখ চুয়াত্তর হাজার তিনশত পঞ্চাশ) টাকা বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ। সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান রোধে এবং দেশের অর্থনীতি রক্ষার্থে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর এ ধরনের কঠোর অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।
