স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোড করার সময় দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নিহত শ্রমিক রবিউল ইসলামের পরিবারের হাতে ২০ হাজার টাকা এবং গুরুতর আহত শ্রমিক আখতারুজ্জামানের পরিবারের হাতে ১০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ১১টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক অনুদান হস্তান্তর করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্ঘটনাকবলিত নিহত ও আহত শ্রমিকের স্বজনদের হাতে অনুদানের এই অর্থ তুলে দেন।
বিজ্ঞাপন
বন্দর ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোডের দায়িত্ব পালনকালে আকস্মিক দুর্ঘটনার শিকার হন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর দুই সাধারণ শ্রমিক রবিউল ইসলাম ও আখতারুজ্জামান। ওই মর্মান্তিক দুর্ঘটনায় রবিউল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং আখতারুজ্জামান মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর নিহত রবিউল ইসলামের পরিবারের চরম দুর্দিনে তাঁদের পাশে দাঁড়াতে সরকারি অনুদান হিসেবে ২০ হাজার টাকা এবং আহত আখতারুজ্জামানের সুচিকিৎসা ও পরিবার পরিচালনার সুবিধার্থে ১০ হাজার টাকা আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি মোঃ তবিবুর রহমান তবি এবং সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী।
অর্থ হস্তান্তরকালে শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ নিহত সহকর্মী রবিউল ইসলামের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং আহত আখতারুজ্জামানের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সাথে বেনাপোল স্থলবন্দরে ঝুঁকিমুক্ত কাজের পরিবেশ সৃষ্টি ও সাধারণ শ্রমিকদের পেশাগত নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। ছবি সংগৃহীত।
