স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের অভয়নগরে সাত বছরের এক অবুঝ শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে লুৎফর রহমান বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাতে উপজেলার কাদিরপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শিশুটির মা জরুরি কাজে ঘরের বাইরে ছিলেন। সেই সুযোগে প্রতিবেশী লুৎফর রহমান কৌশলে ঘরে ঢুকে শিশুটির ছোট ভাইকে বাইরে পাঠিয়ে দেন। এরপর তিনি শিশুটিকে জোরপূর্বক যৌন নির্যাতনের চেষ্টা চালান। কিছুক্ষণ পর শিশুটির মা বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিক স্থানীয়দের অবহিত করেন এবং থানা পুলিশকে খবর দেন। সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে লুৎফর রহমানকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভয়নগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এদিকে ভুক্তভোগী শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় ডাক্তারি (মেডিকেল) পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে। ছবি সংগৃহীত।
