স্ফুলিঙ্গ রিপোর্ট :
‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’—এই স্লোগানকে সামনে রেখে কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধ, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং স্থানীয় জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেলে যশোর সদর উপজেলার বাগেরহাট বাজারে জাতীয় কৃষক-খেতমজুর সমিতি যশোর সদর উপজেলা শাখার উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম-উর রহমান বলেন, “স্বাধীনতার সুদীর্ঘ বছর পার হলেও দেশের মেহনতি কৃষকের ভাগ্যের কোনো গুণগত পরিবর্তন হয়নি। বিভিন্ন সময়ে রাষ্ট্রক্ষমতায় আসা শাসকশ্রেণি বারবার কৃষকদের সাথে প্রতারণা করেছে। ব্যবসায়ী ও পুঁজিবাদীদের মুনাফা নিশ্চিত করতে গিয়ে সার, বীজ ও জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও কৃষক তাঁর হাড়ভাঙা খাটুনিতে উৎপাদিত ফসলের সঠিক মূল্য থেকে ধারাবাহিকভাবে বঞ্চিত হচ্ছেন।”
বিজ্ঞাপন
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান ভরা মৌসুমেও মাঠপর্যায়ে কৃষক চাহিদামতো বিদ্যুৎ ও সার পাচ্ছেন না। চড়া দামে সার কিনতে বাধ্য হওয়ার পাশাপাশি তেলের মূল্যবৃদ্ধিতে উৎপাদন খরচ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এছাড়া সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে নতুন করে অনিয়ম ও লুটেরা সিন্ডিকেট গড়ে ওঠার আশঙ্কা প্রকাশ করেন তিনি। তসলিম-উর রহমান ২০২৪ সালের গণ-আন্দোলনের প্রত্যাশা পূরণ না হওয়ার সমালোচনা করে অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির স্বচ্ছতা ও বিস্তারিত তথ্য জনসম্মুখে প্রকাশের জোর দাবি জানান। একইসাথে বিদেশ থেকে মাংস ও কৃষি পণ্য আমদানির আত্মঘাতী উদ্যোগের তীব্র প্রতিবাদ জানান।
অঞ্চলের পরিবেশগত সংকটের কথা তুলে ধরে বক্তারা বলেন, বাগেরহাট ও আশপাশের নিচু জমি এবং জলাশয় ভরাট করে অপরিকল্পিত আবাসন গড়ে তোলায় পানি নিষ্কাশন রুদ্ধ হয়ে পড়েছে। নাব্যতা হারানো মুক্তেশ্বরী ও হরি নদীর প্রভাবে বিল হরিণায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়ে কৃষকের ফসল বিনষ্ট হচ্ছে।
সমাবেশ থেকে অবিলম্বে কৃষকের ফসলের সঠিক দাম নির্ধারণ, কৃষিতে ভর্তুকিমূল্যে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ, সারসহ সব উপকরণের নিরবচ্ছিন্ন জোগান, মুক্তেশ্বরী ও হরি নদী পুনঃখনন করে বিল হরিণার স্থায়ী জলাবদ্ধতা অবসান এবং কৃষি খাতের দুর্নীতি বন্ধের সুনির্দিষ্ট দাবি জানানো হয়।
বিপ্লবী যুবমৈত্রী যশোর জেলা শাখার সদস্য শাকিল আহমেদের সঞ্চালনায় ও জাতীয় খেতমজুর সমিতি যশোর জেলা কমিটির নেতা শাহাবুদ্দিন বাটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা দপ্তর সম্পাদক পলাশ বিশ্বাস, কৃষকনেতা রজব আলী, হযরত আলী, আব্দুস সাত্তার এবং আব্দুল মালেকসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ। ছবি সংগৃহীত।

