স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের তীব্র যানজট নিরসন এবং সাধারণ পথচারীদের চলাচল স্বস্তিদায়ক করতে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলের বিরুদ্ধে যৌথ অভিযানে নেমেছে যশোর পৌরসভা ও যশোর ট্রাফিক পুলিশ বিভাগ।
বিজ্ঞাপন
সোমবার (২৪ আগস্ট) শহরের কেন্দ্রবিন্দু দড়াটানা মোড়, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের ব্যস্ততম সড়ক এবং সিভিল কোর্ট মোড়ে সমন্বিতভাবে এই অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এই বিশেষ কার্যক্রমে ট্রাফিক বিভাগ ও পৌরসভার পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নেন।
বিজ্ঞাপন
যৌথ অভিযানের সার্বিক বিষয় নিয়ে যশোর ট্রাফিক পুলিশ বিভাগের ইনচার্জ (টিআই) মাহফুজুর রহমান এবং যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ জানান, শহরের যানজট নিরসনে অবৈধ রিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করা এবং দখলকৃত ফুটপাত মুক্ত করতে গত তিন দিন ধরে ধারাবাহিকভাবে শহরে সচেতনতামূলক মাইকিং পরিচালনা করা হয়েছে।
তাঁরা আরও বলেন, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বহিরাগত ও লাইসেন্সবিহীন অবৈধ অটোরিকশার অনিয়ন্ত্রিত প্রবেশ ঠেকানো এবং সড়কের যত্রতত্র অসংলগ্ন যানবাহন পার্কিং বন্ধে চালকদের সরাসরি সচেতন করা হচ্ছে।
যশোর শহরের শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে আগামী এক সপ্তাহজুড়ে এই বিশেষ যৌথ অভিযান ও উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন এই দুই দায়িত্বশীল কর্মকর্তা। ছবি সংগৃহীত।

